NEWS DESK ২৬ জানু ২০২৬ ০৭:৪৮ পি.এম
কুকুরের যেমন আকার-আকৃতি ও রঙের বৈচিত্র্য, তেমনি বৈচিত্র্য আছে তাদের লেজেও। কোনো কুকুরের লেজ লম্বা, কানোটার ছোট, আবার পেঁচানো। বিশেষ করে অনেক কুকুরের লেজ কেন সবসময় সোজা থাকে না—এ প্রশ্ন অনেকেরই। প্রাণিবিজ্ঞান বলছে, এর পেছনে আছে গঠনগত কারণ এবং পরিবেশের প্রভাব।
বাঁকানো লেজের ধরন
বিশেষজ্ঞদের মতে, কুকুরের বাঁকানো লেজ মূলত দুই ধরনের হয়ে থাকে
প্রথমটি হলো করকস্ক্রু (Corkscrew) লেজ। পাগ ও কিছু বুলডগ জাতের কুকুরের লেজ এ ধরনের হয়। তাদের লেজের কশেরুকা (হাড়) জন্মগতভাবে জোড়া লাগানো বা ত্রিভুজাকৃতির হওয়ায় লেজটি পাকানো থাকে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় হেমিভার্টিব্রা। সাধারণত এটি শুধু লেজে সীমাবদ্ধ থাকলে কোনো সমস্যা সৃষ্টি করে না।
দ্বিতীয়টি হলো সিকল বা কাস্তে আকৃতির লেজ। আকিতা, সাইবেরিয়ান হাসকি, চাউ-চাউ, আলাস্কান মালামিউট, স্পিটজসহ অনেক কুকুরের এই ধরনের লেজ দেখা যায়। এই লেজ সবসময় স্থির থাকে না; কুকুরের শারীরিক ও মানসিক অবস্থার ওপর ভিত্তি করে এর ভঙ্গি বদলায়।
লেজে প্রকাশ পায় কুকুরের মনের কথা
স্বাভাবিক ও আনন্দিত অবস্থায় কুকুর তার লেজ হালকা ভাবে পিঠের ওপর বাঁকিয়ে রাখে। সামান্য খুশি হলে লেজ নেড়ে ওঠে। লেজ যদি খুব শক্ত করে পেঁচানো ও খাড়া থাকে, তবে কুকুর সতর্ক অবস্থায় আছে বোঝা যায়। ভয় বা অসুস্থতায় লেজ নিচু ও প্রায় সোজা হয়ে যেতে পারে। আবার অতিরিক্ত আনন্দে লেজ এত জোরে নাড়ে যে সাময়িকভাবে তা সোজাও হয়ে যেতে পারে।
ঠান্ডা আবহাওয়ার সঙ্গে সম্পর্ক
অনেক সিকল-লেজযুক্ত কুকুরের উৎপত্তি শীতপ্রধান অঞ্চলে। ঠান্ডার সময় তারা গোল হয়ে শুয়ে লেজটি নাকের ওপর রাখে, যাতে শরীরের তাপ ধরে রাখা যায়। লেজের এই বাঁকানো গঠন তাদের জন্য প্রাকৃতিক ‘কম্বল’-এর কাজ করে।
কুকুর কি ইচ্ছেমতো লেজ সোজা করতে পারে?
গবেষকরা বলেন, কুকুর অনেক সময় নিজের ইচ্ছেতেই লেজ সোজা বা বাঁকাতে পারে। স্ট্রেচ করার সময় লেজ সোজা হয়ে আবার মুহূর্তেই আগের মতো পেঁচিয়ে যায়।
সব মিলিয়ে, কুকুরের লেজ শুধু সৌন্দর্যের অংশ নয়—এটি তাদের শারীরিক গঠন, আবেগ এবং অভিযোজন ক্ষমতার এক গুরুত্বপূর্ণ পরিচয়।