সাদমান মাহাদী ২১ জানু ২০২৬ ০৫:৫৫ পি.এম
ইসলামের প্রতিটি আমলের পেছনে রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি আমল হলো পাঁচ ওয়াক্ত ফরয নামাজের পর 'আয়াতুল কুরসি' পাঠ করা।
রাসুলুল্লাহ (সা.) এই আমলটির এমন এক মর্যাদার কথা ঘোষণা করেছেন, যা জান্নাত পাওয়াকে অত্যন্ত সহজ করে দেয়।
হাদিসে যা বলা হয়েছে: বিখ্যাত সাহাবী হযরত আবু উমামাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন—
"যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না।" (সুনানে নাসায়ি: ৯৯২৮, তাবারানি: ৮৫৩২)
হাদিসের ব্যাখ্যা: ইসলামি চিন্তাবিদদের মতে, এই হাদিসের অর্থ হলো— আমলকারী ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই জান্নাতের আরাম-আয়েশ ভোগ করতে শুরু করবেন। অর্থাৎ, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা হলো জীবিত থাকা। মৃত্যু হলেই সে জান্নাতের পথে যাত্রা করবে (ইনশাআল্লাহ)।
আয়াতুল কুরসির গুরুত্ব: কুরআনুল কারিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো এই 'আয়াতুল কুরসি' (সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত)। এতে মহান আল্লাহর একত্ববাদ, ক্ষমতা এবং মহিমা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। শুধু নামাজের পরই নয়, রাতে ঘুমানোর আগে এটি পাঠ করলে সারারাত আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিয়োজিত থাকে এবং শয়তান কাছে ঘেষতে পারে না।